ঝিনাইদহের জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে দুজন জঙ্গিকে জীবিত গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত ওই অভিযানে কমপক্ষে দুজন জঙ্গি নিহত ও পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে আজ রোববার বেলা তিনটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
নিহত জঙ্গিদের একজনের নাম তুহিন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের একজনের নাম জহির মিয়া ও অন্যজন তাঁর ছেলে। ওই দুজনই জঙ্গিবাদে দীক্ষিত এবং নিজেদের বাড়িতে বহিরাগত দুজন জঙ্গিকে জায়গা দিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মনিরুল ইসলাম বলেন, গত শুক্রবার পুলিশ ঝিনাইদহ থেকে শামীম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে শামীম জানান, ঝিনাইদহে তাঁর বাড়ির নিচে বিস্ফোরক আছে। এ ছাড়া আরও একটি জঙ্গি আস্তানার খবর তিনি জানেন। শামীম সংগঠনটির আঞ্চলিক সমন্বয়ক ছিলেন।
ঝিনাইদহেই হলি আর্টিজানে অন্যতম হামলাকারী নিবরাস বেশ কিছুদিন ঝিনাইদহে ছিলেন। সে সময় নিবরাসের সঙ্গে শামীমের যোগাযোগ ছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
শনিবার রাতেই কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল করিমের নেতৃত্বে একটি দল শামীমকে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ভোরবেলা শামীমের বাড়িতে ব্যাগের ভেতর থেকে পুলিশ বিস্ফোরক উদ্ধার করে। পরে শামীমই দ্বিতীয় আস্তানাটি দেখিয়ে দেয়।
কাউন্টার টেররিজম প্রধান বলেন, আস্তানার ভেতরে ঢোকার পর সুইসাইড ভেস্ট পরা এক জঙ্গি পুলিশের দিকে এগিয়ে আসে। তখন তাকে লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে। সুইসাইড ভেস্টের বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে, নাকি পুলিশের গুলিতে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আরেক জঙ্গি সুইসাইড ভেস্ট পরে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ওসি তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। ওই জঙ্গিও তাঁর পিছু নেন। ওসি নিরাপদ দূরত্বে সরে আসতে পারলেও নাজমুল করিম ও পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আহত হন। নাজমুলের ডান হাত ভেঙে গেছে এবং এসবির উপপরিদর্শকের মাথায় স্প্লিন্টারের আঘাত লেগেছে। তবে দুজনই এখন আশঙ্কামুক্ত।
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, কৌশলগত কারণে সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের উপস্থিতি বেশি। কারণ, সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক সংগ্রহ এবং ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ বেশি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের বাসা ভাড়া পেতে ইদানীং সমস্যা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বাড়ির মালিক নিজেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ। তিনিই তাঁর বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ জমা করছেন এবং বহিরাগত ব্যক্তিদের আশ্রয় দিচ্ছেন। ঝিনাইদহে তা-ই ঘটেছে।