ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি ‘জঙ্গি আস্তানায়’ আজ বুধবার দ্বিতীয় দিনের অভিযান চলছে। ছবি: প্রথম আলো।
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি ‘জঙ্গি আস্তানায়’ আজ বুধবার দ্বিতীয় দিনের অভিযান চলছে। ছবি: প্রথম আলো।

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান শেষ হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

দুপুরে ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

আজ সকালে ওই আস্তানা ঘেরাও করে দ্বিতীয় দিনের অভিযান শুরু করে র‍্যাব। গতকাল মঙ্গলবার অভিযানে ওই দুই আস্তানার পাঁচটি স্থান থেকে দুটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী), পাঁচটি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি পিভিসি সার্কিট, চার ড্রাম রাসায়নিক দ্রব্য ও একটি অ্যান্টিমাইন উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে সেলিম হোসেন (৪০) ও প্রান্ত বিশ্বাস (১৭) নামের দুই ব্যক্তিকে ওই গ্রামের ওহাব বিশ্বাসের বাড়ির পাশ থেকে আটক করে র‌্যাব। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী এই বাড়ি দুটিতে অভিযান চালানো হয়।

মুফতি মাহমুদ খান বলেন, তাঁরা দুজন সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। ২০১৪ সাল থেকে জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামে অভিযানে নামে র‌্যাব। আটক সেলিম হোসেনের ভাই তুহিন ৭ মে জেলার মহেশপুরের বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানকালে নিহত হন। প্রান্ত র‍্যাবকে জানিয়েছে, তুহিন গত মাসের ২০ তারিখে দুটি সুইসাইড ভেস্ট এনে তাকে দেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার (প্রান্ত) কাছে রাখতে বলেন। প্রান্ত ও সেলিম জিজ্ঞাসাবাদে ইমন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেন। তাঁরা দাবি করেন, ইমন তাঁদের সংগঠিত করছেন।