ঝিনাইদহে জাল ভোটের অভিযোগ বিদ্রোহী প্রার্থীদের
ঝিনাইদহ সদর উপজেলার সাতটি ও হরিণাকুণ্ডু উপজেলার একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। বিএনপির দলীয় ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ, জাল ভোট ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ করা হলেও প্রশাসনের কর্মকর্তাদের কাছে কোনো প্রতিকার মেলেনি।
এদিকে ভোট চলাকালে জাল ভোট দেওয়ার অপরাধে হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউপির হাকিমপুর কেন্দ্রে সনজের আলী (৪০) নামের একজনকে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বেলা ১১টায় সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি পক্ষ ব্যাপকভাবে জাল ভোট দিচ্ছে। একই অবস্থা হলিধানী, মধুহাটি, গান্না, সাধুহাটি ইউপির বেশ কয়েকটি কেন্দ্রে। জাড়গ্রাম, রাউতাইল, রামনগর কটোতলা, ধোপাবিলা, কুমড়াবাড়িয়া, সাগান্নার বাথপুকুর, বেতাই, কালুহাটি, চণ্ডীপুরের কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, ভোটারদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। পথে পথে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। ভোটের আগের রাতে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির দলীয় ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। তা ছাড়া কোনো প্রার্থী অনিয়মের অভিযোগ করেননি। তিনি বলেন, জাল ভোট দেওয়ার ঘটনাও তেমন একটা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে কঠোর হাতে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়েছে।