ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ
ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের একটি মাঠ থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরখাজুরা গ্রামের গোলাম আজম ওরফে পলাশ (২৮) ও দুলাল হোসেন (২৬)।
পলাশের বাবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা গোলাম মোস্তফা। দুলালের বাবার নাম নাসিম বিশ্বাস।
পরিবারের ভাষ্য, তিন দিন আগে পলাশ, পাঁচ দিন আগে দুলাল নিখোঁজ হন।
পুলিশ বলছে, দুজনকেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী জহির রায়হানের ভাষ্য, আজ ভোর ছয়টার দিকে হাঁটতে বের হওয়া পথচারীরা লাশ দুটি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাঁদের হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। আজ ভোররাতের কোনো এক সময় তাঁদের হত্যা করে দুর্বৃত্তরা লাশ মাঠে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।