ঝিনাইদহে দুই 'মানব পাচারকারীর' বাড়িতে হামলা
মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলায় দুই ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছেন গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার হিরাডাঙ্গা-সুরোপাড়া গ্রামে তাঁরা ওই হামলা চালান।
একই দিন মানব পাচারের অভিযোগে উপজেলার চরহিরাডাঙ্গা গ্রামে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে খায়রুল বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করেন।
গ্রামবাসীর অভিযোগ, হিরাডাঙ্গা-সুরোপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে হারুন-অর-রশিদ ও এলেম বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাস দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। ওই গ্রামের আবদুর রহমানের ছেলে আবু হাসান (৩৪) ও আনসার আলীর ছেলে রকিব হোসেন তিন মাস আগে মালয়েশিয়ায় যান। হারুন ও খলিল তাঁদের বিদেশে পাঠান। রকিবের বাবা আনসার আলী বলেন, তিন মাস ধরে তাঁর ছেলেসহ অন্যদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পাচারকারীরা বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করতে শুরু করে। এ অবস্থায় গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী আত্মীয়স্বজন হারুন ও খলিলের বাড়িতে যান। তাঁরা মালয়েশিয়ায় যাওয়া ছেলেদের খোঁজ না দিলে তাঁদের আত্মীয়স্বজনের ওপর চড়াও হন। এ সময় গোলমালের সৃষ্টি হয়। ইট ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।