ঝিনাইদহে দুজনের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে রাস্তার পাশ থেকে আজ মঙ্গলবার সকালে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সোহাগ হোসেন (৩৮) ও আবদুল হাদি (৩৬)। তাঁদের বাড়ি যশোর সদর উপজেলার বড় রাজাপুর গ্রামে।

ফুলবাড়ি গ্রামের বাসিন্দা শফিয়ার রহমানের ভাষ্য, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাঁরা গুলির শব্দ শুনতে পান। প্রথমে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সকালে খবর পান রাস্তার ধারে দুটি লাশ পড়ে আছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই দুই ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। নিহত ব্যক্তিদের বাড়ি দূরে হওয়ায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ‘বন্দুকযুদ্ধের’ খবরের সত্যতা স্বীকার করেননি।

ওসি আনোয়ারের ভাষ্য, সকালে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। নিহত দুই ব্যক্তি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁদের অপহরণ করে ওই জায়গায় নিয়ে হত্যা করেছে।

ওসির ভাষ্য, নিহত ব্যক্তিদের একজনের শরীরে দুটি ও আরেকজনের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।