পাওনা টাকার জন্য তাগাদা দিতে বাড়ি থেকে গত বুধবার বেরিয়েছিলেন আনোয়ারা খাতুন (৪০)। এরপর আর ফেরেননি। গতকাল শুক্রবার সকালে পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ পৌর এলাকার উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে। আনোয়ারা ওই পাড়ার আবদুর রহিমের স্ত্রী।
শাহাঙ্গীর আলম নামের একজন স্থানীয় বাসিন্দা প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাড়ি থেকে বের হন। পরে দেখতে পান আনোয়ারার প্রতিবেশী খায়রুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর একটি লাশ। একটি হাত শুধু বের হয়ে আছে। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় তাঁরা লাশটি আনোয়ারার বলে শনাক্ত করেন।
আনোয়ারা খাতুনের স্বামী আবদুর রহিম বলেন, বুধবার বেলা ১১টার দিকে তাঁর স্ত্রী বাড়ি থেকে বের হন। তিনি পাশের বাড়িতে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় ৩১ মে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রী বেশ কয়েকজনের কাছে টাকা পেতেন। পাশের বাড়ির পারুলের কাছেও টাকা পেতেন। বুধবার টাকা চাইতে গেলে তাঁকে হত্যা করা হয়। পরে লাশ ওই সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।
কয়েকজন প্রতিবেশী বলেন, আনোয়ারা খাতুন বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে নিজে আবার অন্যদের ঋণ দিতেন। এভাবে তিনি টাকা উপার্জন করতেন। বুধবারও তিনি টাকা আদায় করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
বিকেল চারটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সদর থানার উপপরিদর্শক (এসআই) গোকুল কুমার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পারুল বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।