ঝিনাইদহে নিখোঁজ শিশুর লাশ মিলল জঙ্গলে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের একটি শিশু নিখোঁজ হওয়ার এক দিন পর জঙ্গলে তার লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর শিশুটির লাশ ওই জঙ্গলে ফেলে যাওয়া হয়। তবে কে কী কারণে তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে পরিবার বা পুলিশ এ ব্যাপারে কিছু বলতে পারেনি।
নিহত শিশু সাজু রামপুর গ্রামের আসাদুল ইসলাম ওরফে আশার ছেলে। পুলিশ সাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিশুটির দাদি নূরজাহান বেগম বলেন, রাজু (৭) আর সাজু (৫) দুই ভাই। মা কয়েক বছর আগে সংসার রেখে চলে যাওয়ায় দুই ভাই তাঁর কাছেই বড় হচ্ছিল। গত মঙ্গলবার সকালে দুই ভাইকে একসঙ্গে বসিয়ে ভাত খাওয়ান তিনি। এরপর সাজু খেলতে বাইরে যায়, রাজু যায় স্কুলে। পরে রাজু ফিরলেও সাজু আর ফেরেনি। সারা দিন সে বাড়িতে না ফেরায় তাঁরা চিন্তিত হয়ে পড়েন। এলাকায় মাইকিং করা হয়। পরে গতকাল (বুধবার) সকালে গ্রামের লোকজন খবর দেয়, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক জঙ্গলে সাজুর লাশ পড়ে আছে।
শিশুটির বাবা আসাদুল ইসলাম বলেছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। তাই কেন তাঁর অবোধ শিশুসন্তানটিকে হত্যা করা হলো বুঝতে পারছেন না।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু বলেন, প্রাথমিকভাবে তাঁদের ধারণা, শিশু সাজুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তাঁরা শিগগিরই হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারবেন বলে আশা করছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে দুই নাতির একজনকে হারিয়ে পাগলপ্রায় দাদি নূরজাহান বেগম। তিনি বলেন, ছেলের বউ ছবিরন নেছা স্বামী-সংসার ছেড়ে প্রায় তিন বছর হলো চলে গেছেন। তখন থেকে রাজু আর সাজুকে আদর-ভালোবাসা দিয়ে তিনিই বড় করছিলেন। তাদের বাবা অন্যের জমিতে কাজ করে সংসার চালান। নিজেদের জায়গাজমি নেই। শিশু দুটিই ছিল তাঁদের সর্বস্ব।