ঝিনাইদহে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ যশোরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকা থেকে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ যশোর সদর উপজেলার লাউখালী গ্রামের শ্মশান থেকে আজ বুধবার উদ্ধার করেছে পুলিশ।

তাঁরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের ইসলাম আলীর ছেলে আবুজার গিফারী (২২) ও বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শামীম হোসেন (২০)। আজ সকালে এলাকাবাসী লাশ দুটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গত মাসে এক সপ্তাহের ব্যবধানে পুলিশ পরিচয়ে এই দুজনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই দুজন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, লাউখালী গ্রামের মাঠে একটি শ্মশান রয়েছে। আজ সকালে মাঠে কাজ করতে আসা লোকজন ওই শ্মশানে দুটি লাশ পড়ে থাকতে দেখেন। বিষয় তাঁরা যশোর থানার পুলিশকে জানালে তারা এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পরে গিফারীর চাচাতো ভাই পান্নু মিয়া গিফারীকে শনাক্ত করেন। শামীম হোসেনের ভাই তাজনিম হুসাইন তাঁর মরদেহ শনাক্ত করেন।

যশোর হাসপাতাল মর্গের সামনে আবুজার গিফারীর ফুপা আক্কাস আলী প্রথম আলোকে বলেন, গিফারীকে গত ১৮ মার্চ বাড়ি থেকে পুলিশ পরিচয়ে সাদাপোশাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। এরপর থানায় খোঁজ করা হলেও তাঁর খোঁজ মেলেনি। গিফারী ছাত্রশিবিরের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি ছিলেন।
শামীমের মামা ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ২৪ মার্চ বিকেলে শামীম কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সামনের একটি দোকানে পত্রিকা পড়ছিলেন। এ সময় দুটো মোটরসাইকেলে হেলমেট পরা চারজন এসে শামীমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আশপাশের লোক ধাওয়া দিলে পিস্তল বের করে তাঁরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেন। এরপর থানায় খোঁজ করলে শামীমের খোঁজ মেলেনি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, মাথায় গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকা থেকে গত রোববার বিকেলে পুলিশ পরিচয়ে সোহানূর রহমান (১৬) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সকাল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সে শহরের শহীদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘ঝিনাইদহে এক মাসে তিন কলেজছাত্র অপহরণ!’ শীর্ষক এক খবর প্রকাশিত হয়।

আরও পড়ুন: