ঝিনাইদহে পুলিশ কুষ্টিয়ায় কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের দক্ষিণ-কালিকাপুর থেকে গতকাল রোববার ওবাইদুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বাকড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। একই দিন কুষ্টিয়ার কুমারখালীতে সাবু মণ্ডল (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওবাইদুল চুয়াডাঙ্গার সদর থানায় কর্মরত ছিলেন। গত ১ আগস্ট থেকে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল সকাল ১০টার দিকে কালিকাপুরে ওবাইদুলের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ওবাইদুলকে শ্বাসরোধে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওবাইদুলের স্ত্রী, ছেলে ও মেয়েকে থানায় আনা হয়েছে।
এদিকে কুমারখালী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাবু মণ্ডল উপজেলার জগন্নাথপুর গ্রামের স্বপন মণ্ডলের ছেলে। গতকাল সকালে চাপাইগাছি গ্রামের একটি কলাবাগানে সাবুর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার ওসি মহিবুল ইসলাম বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে সাবুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।