ঝিনাইদহে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া শিক্ষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর গতকাল শুক্রবার ভোরে একজন মাদ্রাসাশিক্ষকের লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় গাড়িচাপা পড়ে তিনি মারা গেছেন।

নিহত ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর (৪২) হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর হোসেন আলী মাদ্রাসায় শিক্ষকতা ছাড়াও মহিষগাড়ী জামে মসজিদে ইমামতি করতেন। তিনি জোড়াপুকুরিয়া গ্রামের কাউছার আলীর ছেলে। তাঁকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে তাঁকে জীবিত ফেরতের আহ্বান জানিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শুক্রবার ভোরে জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে খবর পেয়ে তাঁরা সেখানে যান। পরে একজনের লাশ উদ্ধার করে সেটি মাদ্রাসাশিক্ষক ইদ্রিস আলীর বলে নিশ্চিত হন। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, নিহত ইদ্রিস আলীকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে তাঁর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।

ইদ্রিসের স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, তাঁদের আশঙ্কা ছিল প্রশাসনের কেউ তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে এবং তাঁকে মেরে ফেলা হতে পারে। যে আশঙ্কায় ৯ আগস্ট দুপুরে তাঁরা ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তাঁকে জীবিত ফেরত পাওয়ার দাবি জানান। এখন তাঁর লাশ পেলেন।

ইদ্রিসের পরিবার বলেছে, ইদ্রিস আলী ৪ আগস্ট রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে সাদাপোশাকে তিন-চারজন পিস্তল ও ওয়্যারলেসধারী ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, পুলিশ ও প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়ার পর ঝিনাইদহের বিভিন্ন উপজেলার আরও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। ৪ আগস্ট কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতা হাফিজুর রহমানকে তুলে নেওয়া হয়। সদর উপজেলার কেশবপুর গ্রামের বাড়ি থেকে ব্যবসায়ী আনিচুর রহমানকে তুলে নেওয়া হয় গত ৩০ জুলাই। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৩ জুলাই তুলে নেওয়া হয় কালীগঞ্জের ষাটবাড়িয়া গ্রামের আবদুল হাইকে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বাড়িতে হোমিও চিকিৎসা করতেন। পাশাপাশি বাড়ির পাশের মসজিদে ইমামতি করতেন। গত ৩ জুন তুলে নেওয়া হয় ঝিনাইদহ উপশহর মসজিদের মুয়াজ্জিন সোহেল রানাকে। ঝিনাইদহ শহরের কোরাপাড়ার বাসিন্দা ও যুবলীগের কর্মী জাহিদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় ১ জুন।