ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ায় একটি ভাড়া বাসা থেকে গত শনিবার সন্ধ্যায় এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম লামিয়া নূর। স্বজনদের অভিযোগ, লামিয়াকে হত্যার পর তাঁর স্বামী লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখেন।
লামিয়া নূর (২২) পিরোজপুর শহরের সিএই পাড়ার কামাল আহম্মেদ শেখের মেয়ে। তিনি পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
গতকাল রোববার মুঠোফোনে জানতে চাইলে লামিয়ার ফুফু কুসিয়া খাতুন প্রথম আলোকে বলেন, লামিয়ার বাবা কামাল একজন মাছ বিক্রেতা। লামিয়া পড়ালেখার পাশাপাশি কয়েকটি শিশুকে প্রাইভেট পড়াতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝিনাইদহ পুলিশ লাইনসের কনস্টেবল শহরের পবহাটি উত্তর পাড়ার হানজালা হাসানের সঙ্গে লামিয়ার পরিচয় হয়। হাসান পরে লামিয়াকে বিয়ের প্রস্তাব দেন। লামিয়া বিষয়টি তাঁর মা হোসনেয়ারা বেগমকে জানান। হাসান গত বছরের রোজার প্রথম সপ্তাহে পিরোজপুরে আসেন। তিনি বিয়ে করে ফিরবেন বলে জানান। এই বিয়েতে হাসানের পরিবারের সদস্যরা আসবেন না বলেও জানান।
হাসান আরও বলেন, তাঁর ইচ্ছাতেই বিয়ে হবে। একপর্যায়ে লামিয়ার পরিবার বিয়েতে রাজি হয়। কিন্তু বিয়ের পর তাঁদের মধ্যে আসা-যাওয়া ছিল না। এর মধ্যেই হাসান মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দেন। চলতি বছরের প্রথম দিকে লামিয়াকে তাঁর স্বামী ঝিনাইদহে নিয়ে আসেন। তাঁরা ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াকে যোগাযোগ করতে দিতেন না।
হাসান সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।
লামিয়ার চাচা আলম শেখ বলেন, শনিবার রাতে তাঁরা খবর পান, লামিয়া মারা গেছেন। পরে তাঁরা ঝিনাইদহে আসেন। লাশ দেখে তাঁদের ধারণা, লামিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিতে চাইলে পুলিশ জানিয়েছে, লাশের ময়নাতদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন আসার পর ব্যবস্থা নেওয়া হবে।
লামিয়ার ছোট বোন স্কুলছাত্রী শাহিনুর আক্তার বলে, হাসান তার বোনকে কারও সঙ্গে কথা বলতে দিতেন না। মাঝেমধ্যে তার সঙ্গে কথা বললেও হাসান সামনে বসে থাকতেন। এর মধ্যেও তার বোন কান্নাকাটি করতেন আর বলতেন, তিনি ভালো নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আত্মহত্যা। এ কারণে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। হত্যার কোনো প্রমাণ ময়নাতদন্তে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।