ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার কাটাখালী কালীগঞ্জ-জীবননগর সড়কের ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৪৫) মহেশপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতির সময় বন্দুকযুদ্ধে রমজান আলী মারা যান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিবাগত রাত তিনটার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাঁটাখালী এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল ওই সড়ক দিয়ে চলাচল করা যানবাহন আটকে ডাকাতি করা। এ সময় মহেশপুর থানা-পুলিশের একটি টহল ভ্যান সেখানে উপস্থিত হয়। ডাকাতেরা পুলিশের ওপর বোমা ও গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় দুই কনস্টেবল আহত হয়েছেন। আহত আহ্সান হাবিব ও সেলিম রেজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, রমজান আলীর মাথায় ও বুকে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত রমজানের পরিবারের কোনো সদস্য মরদেহ নিতে হাসপাতালে আসেনি। পরে পুলিশ স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে মরদেহ পাঠিয়ে দিয়েছে।
রমজান আলীর বোন সুমিতা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, যশোর সদরের খয়েরতলা এলাকার বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁর ভাই। বৃহস্পতিবার রাতে সাদাপোশাকের কয়েকজন লোক নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তাঁর ভাইকে তুলে নিয়ে যান। এরপর তাঁর আর কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা। গতকাল বন্দুকযুদ্ধে হত্যার খবর পান।