
ঝিনাইদহে গতকাল শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহীদ আল মাহমুদ (২৪) ও আনিচুর রহমান ওরফে আনিচ (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। দুজনকেই গত মাসের মাঝামাঝি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে তাঁদের পরিবার।
নিহত দুজন ছাত্রশিবিরের কর্মী ছিলেন দাবি করে জামায়াতে ইসলামী এ বন্দুকযুদ্ধের ঘটনার নিন্দা জানিয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিবার জানিয়েছে, ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক থাকলেও তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
নিহত শহীদ ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের রজব আলীর ছেলে। তিনি ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আর কুষ্টিয়ার বাসিন্দা আনিচ ঝিনাইদহ পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে তাঁরা জানতে পারেন, সদর উপজেলার তেঁতুলবাড়ীয়ার উত্তর মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল ওই এলাকার দিকে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছামাত্র দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও এ সময় পাল্টা গুলি চালায়। দুর্বৃত্তদের গুলিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমারসহ তিন সদস্য আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাসান হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ দেশে তৈরি একটি শুটারগান, দুটি গুলি, ছয়টি হাঁসুয়া ও পাঁচটি বোমা উদ্ধার করে। আহত তিন পুলিশ সদস্যকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজনের পরিবারের অভিযোগ, পুলিশের পরিচয়ে ১৩ জুন রাতে শহীদকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাসা থেকে ১৬ জুন রাতে সাদাপোশাকের লোকজন পুলিশ পরিচয়ে আনিচকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
নিহত শহীদের ভাই আবদুর রহিম বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে শহীদের পরিচয় থাকলেও তিনি সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন না। রহিম বলেন, ‘পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।’ এ ব্যাপারে ঝিনাইদহ প্রেসক্লাবে ১৮ জুন তাঁরা সংবাদ সম্মেলন করেছেন বলেও তিনি জানান।
নাম প্রকাশ না করার শর্তে আনিচের পরিবারের এক সদস্য অভিযোগ করেছেন, আনিচকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে।
এ ছাড়া ৩ জুন দুপুরে উপশহরপাড়ার জামে মসজিদের মুয়াজ্জিন মো. সোহেল রানাকেও (২৭) তুলে নিয়ে যাওয়া হয়। তিনি সদর উপজেলার বড়-কামারকুন্ডু গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। সেই থেকে তিনিও নিখোঁজ বলে জানান তাঁর ভাই মাসুদুর রহমান।
তবে পুলিশ সোহেল রানাকে আটক করেনি বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
জামায়াতের বিবৃতি: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজনকে শিবিরকর্মী দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বেছে বেছে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে।’