ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্টু মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের হলদেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, সন্টু হত্যা মামলার আসামি ছিলেন। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, রাইফেলের দুটি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে সন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে নিয়ে মহেশপুরের হলদেপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্টুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সন্টু।
ওসি জানান, ঘটনার সময় মাসুদ ও আহসান হাবিব নামের দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।
গত ১৪ ফেব্রুয়ারি মহেশপুরের গোপালপুর গ্রামের আকিমুল ইসলাম একটি মোটরসাইকেলে সন্টুর সঙ্গে বের হন। এরপর ১৮ ফেব্রুয়ারি হলদেপাড়া মাঠে তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সন্টু প্রধান আসামি ছিলেন। তাঁর বাড়ি মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামে।