ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম ওরফে মামুন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি ছাত্রশিবিরের নেতা ছিলেন। তবে সাইফুলের পরিবার বলছে, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ মাসের ১ তারিখে পুলিশ তাঁকে নিয়ে যায়।
গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। সাইফুলের বাড়ি শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের ভাষ্য, ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুলের লাশ উদ্ধার করে।
আজবাহার আলী শেখ আরও বলেন, সাইফুল ছাত্রশিবিরের গাড়াগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি গুলি, চারটি বোমা, তিনটি চাপাতি, দুটি ছোরা ও ১০ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
সাইফুলের মামাতো ভাই আনারুল ইসলামের ভাষ্য, সাদাপোশাকের একদল লোক পুলিশ পরিচয় দিয়ে ১ জুলাই পবহাটি গ্রামের ভাড়া বাড়ি থেকে সাইফুলকে উঠিয়ে নিয়ে যায়। সাইফুল পড়াশোনার পাশাপাশি ওই বাসা ভাড়া নিয়ে টিউশনি করতেন। তাঁরা চার বোন ও তিন ভাই। সাইফুল পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। চাকরির চেষ্টা করছিলেন। সক্রিয় কোনো রাজনীতি করতেন না। তারপরও তাঁকে মেরে ফেলা হলো।
আরও পড়ুন: