ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে আজ শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫)। তাঁদের মধ্যে শহীদ ঝিনাইদহ সিদ্দিকী আলিয়া মাদ্রাসা ও আনিসুর ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
পুলিশ বলছে, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমারসহ তিনজন আহত হয়েছেন। অন্য দুজন হলেন কনস্টেবল রাব্বী হাসান, তরিকুল ইসলাম। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে তিনি জানতে পারেন, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নলডাঙা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের উত্তর মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছিল। এ সময় সদর থানার টহল পুলিশ সেখানে টহল দিচ্ছিল। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময় হয়। ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।