ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শিবির নেতা নিহত
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইবনুল ইসলাম ওরফে পারভেজ (২৯) নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। জেলার সদর উপজেলার আড়ুয়াকান্দিতে একটি কবরস্থানের পাশে গতকাল শনিবার ভোররাতে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
এ নিয়ে গত দুই দিনে ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হলেন। গত শুক্রবার ভোরে একই উপজেলার তেঁতুলবাড়িয়ার উত্তর মাঠ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শহীদ আল মাহমুদ ও আনিচুর রহমান। দুজনকেই ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। তবে তাঁদের পরিবারের সদস্যরা বলেছেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে শহীদ ও আনিচুরের সম্পর্ক থাকলেও তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
গতকাল ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পারভেজ ঝিনাইদহ শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
গতকালের ঘটনা সম্পর্কে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি টহল দল গাড়িতে করে টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে মহাসড়কের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পুলিশের গাড়িটি পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। পরে জানা যায়, নিহত ব্যক্তি শিবিরের নেতা পারভেজ। ঘটনার সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে তারা দেশে তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, পাঁচটি বোমা, দুটি ছোরা, একটি চাপাতি ও দুটি হাঁসুয়া উদ্ধার করেছে। নিহত পারভেজ ১৩টি নাশকতার মামলার আসামি ছিলেন।
তবে পারভেজের বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাসা থেকে পুলিশ পরিচয়ে সাদাপোশাকের একদল লোক তাঁর ছেলে পারভেজকে তুলে নিয়ে যান। তখন থেকে পারভেজ নিখোঁজ ছিলেন।
নিহত আনিচুরকেও ১৬ জুন রাজধানীর একই এলাকার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আর শহীদের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে গত ১৩ জুন ঝিনাইদহের বাড়ি থেকে তুলে নিয়ে যান পুলিশ পরিচয়ে একদল লোক।
এ ছাড়া সদর উপজেলার উপশহরপাড়ার জামে মসজিদের মুয়াজ্জিন মো. সোহেল রানাকেও (২৭) ৩ জুন একইভাবে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তবে তাঁকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে সদর থানার পুলিশ। তিনি এখনো নিখোঁজ।