ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ঝিনাইদহ সদর উপজেলায় গত শনিবার আবদুল কাদের (৫২) নামের বিএনপির এক নেতাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছেন। কাদের সদর উপজেলার খেদাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
কাদেরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খেদাপাড়া গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন কাদের। আর অপর পক্ষে মকবুল হোসেন। গ্রামের একটি মসজিদের কর্তৃত্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার রাত সাড়ে সাতটার দিকে নলডাঙ্গা বাজারের কাছে কাদেরের ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁরা তাঁকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মকবুল বর্তমানে কারাগারে রয়েছেন। এ বিষয়ে জানতে মকবুলের এক সমর্থকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কাদেরের পরিবার গতকাল থানায় একটি মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।