ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয় পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাব পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। বিএনপির অভিযোগ, সরকারি দলের লোকজন পরিকল্পিতভাবে এ আগুন দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত শহরের কেপি বসু সড়কে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের তালা ভেঙে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে বেশ কিছু চেয়ার, টেবিল, ফ্যানসহ অন্যান্য আসবাব পুড়ে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা স্থান ত্যাগ করলে স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী জানিয়েছেন, ওই কার্যালয়ে ২৫০টি চেয়ার ও বেশ কিছু টেবিল ছিল। সবকিছু পুড়ে গেছে। এতে তাঁদের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মসিউর রহমান অভিযোগ করেছেন, কোনো কারণ ছাড়াই সরকারি দলের সন্ত্রাসীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। সেখান থেকে বিভিন্ন মাল লুট করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না।
জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।