ঝিনাইদহে বোমা বিস্ফোরণ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুরশিদ আলমকে লক্ষ্য করে আজ মঙ্গলবার সন্ধ্যায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তেরা। এ ঘটনায় চেয়ারম্যানের সঙ্গে থাকা ওই ইউনিয়ন পরিষদ সদস্য আতিকুর রহমান ও আনিছুর রহমান নামের স্থানীয় এক ব্যবসায়ী আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিষয়খালী বাজারের প্রচেষ্টা কোচিং সেন্টারে আজ ইফতারের দাওয়াত ছিল খুরশিদ আলমের। ইফতার শেষে নামাজ পড়ে বিষয়খালী বাজারের মসজিদের সামনের একটি চায়ের দোকানে চা খেতে দাঁড়ান খুরশিদ আলম, আতিকুর রহমান ও আনিছুর রহমান। এ সময় আকস্মিকভাবে তিনজন দুর্বৃত্ত খুরশিদ আলমকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। তা লক্ষ্যভ্রষ্ট হলে চারটি হাত বোমা ছুড়ে মারে। এতে আতিকুর রহমান ও আনিছুর রহমান আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যানের ভাই মাজেদুল ইসলাম প্রথম আলোকে জানান, তার ভাইকে লক্ষ্যে করে ছোড়া বোমায় দুজন আহত হয়েছেন। তার ভাই আত্মরক্ষার্থে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরে তিনি বাজারে আসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ হামলা চালিয়েছে তা খুঁজে দেখা হচ্ছে।


এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।