ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আর্থিক লেনদেন নিয়ে বচসায় ভাতিজা ইমতিয়াজ হোসেন ওরফে আরজুর লাঠির আঘাতে চাচা রবিউল ইসলাম (৪২) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার ভোরে তিনি মারা যান। রবিউল উপজেলার কন্যাদহ গ্রামের আজিবার রহমানের ছেলে।


নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চাচা আর ভাতিজার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বচসা শুরু হয়। একপর্যায়ে ভাতিজা ইমতিয়াজ হোসেন একটি লাঠি দিয়ে চাচা রবিউল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোরে মারা যান।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে হরিণাকুণ্ডু থানায় মামলার প্রস্তুতি চলছে। তাঁরা ভাতিজা ইমতিয়াজকে আটকের চেষ্টা করছেন।