ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের জোড়াপুকুরিয়ায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী ওরফে পান্নার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়ার কথা জানায় তারা।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন—এমন খবর পেয়ে তাঁরা সেখানে যান। উদ্ধার করা মৃতদেহটি মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীর বলে পরে তাঁরা নিশ্চিত হন। ইদ্রিস আলী রঘুনাথপুর হোসেন আলী মাদ্রাসার শিক্ষক ও মহিষগাড়ী জামে মসজিদের ইমাম ছিলেন।
ইদ্রিস আলী পরিবারের ভাষ্য, ৪ আগস্ট রাত ৮টার পর নিখোঁজ হন তিনি। শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তাঁকে তুলে নেওয়া হয়। গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইদ্রিস আলীর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দেওয়ার দাবি জানান।