ঝিনাইদহে মুক্তিপণ দিয়ে কলেজছাত্র মুক্ত, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হওয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গত মঙ্গলবার অপহৃত হন কলেজছাত্র ইমরান হোসেন (২২)। পরে ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান। ইমরানের পরিবার বিষয়টি র্যা বকে জানায়। পরে মুঠোফোনের কললিস্ট ধরে ট্র্যাকিংয়ের মাধ্যমে গত শুক্রবার অপহরণকারী দলের চারজনকে আটক করে র্যা ব।
ইমরান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের উসমান গণির ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজে সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র। ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় মেসে থেকে তিনি পড়ালেখা করেন।
আটক করা ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার পলাশপাড়ার মোস্তাফিজুর রহমান ওরফে মিল্টন, তৌফিক আহমেদ ও আমির হোসেন এবং পাশের শান্তিপাড়ার মামুনুর রশীদ।
ইমরানের পরিবারের সদস্যরা বলেন, তাঁরা দুই দফায় ১০ হাজার টাকা দিয়ে অপহরণের এক দিন পর গত বুধবার ইমরানকে মুক্ত করেন। পরে র্যা ব ইমরান হোসেনের মুঠোফোনের কললিস্ট ধরে তা ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার ভোররাতে চুয়াডাঙ্গা থেকে ওই চারজনকে আটক করে।
গতকাল শনিবার র্যা ব-৬ ঝিনাইদহ ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্প কমান্ডার মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, অপহরণকারীরা ফেসবুকে মিম নামে একটি ভুয়া আইডি খুলে কলেজছাত্র ইমরান হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মঙ্গলবার তারা ইমরানকে ঝিনাইদহ শহরতলির ভেটেরিনারি কলেজের সামনে দেখা করতে বলে। ইমরান প্রেমিকার সঙ্গে দেখা করতে সেখানে গেলে অপহরণকারীরা তাঁকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।