ঝিনাইদহে যুবদল নেতাকে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফরকে (৪৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবু জাফরের বাড়ি তামিনগর। বাবার নাম মাহতাব উদ্দিন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে আবু জাফর উপজেলার রয়েরা বাজার থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচ থেকে সাত দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আজ রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।