ঝিনাইদহে যুবলীগ নেতা খুন, আটক ৬
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় বিপুল হোসেন নামের যুবলীগের এক নেতা খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার মনোহরপুর গ্রামে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর দুই সঙ্গী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।
বিপুলের (২৪) বাড়ি মনোহরপুর গ্রামে। তিনি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী বিরোধের জেরে তাঁকে খুন করা হয়েছে।
মনোহরপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সিমলা-রোকনপুর ইউপি নির্বাচনের সময় সদস্যপদে যুবলীগ কর্মী একই গ্রামের লিটন হোসেন ও আওয়ামী লীগ কর্মী বজলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। লিটন ইউপি সদস্য নির্বাচিত হন। বিপুল তাঁর চাচা বজলুরের সমর্থক ছিলেন। এ কারণে বিপুলের ওপর লিটন ক্ষিপ্ত ছিলেন। তা ছাড়া লিটনকে মাদকসহ দুই দফা আটক করে পুলিশ। আটকের এসব ঘটনায় বিপুলের হাত ছিল বলে অভিযোগ করতেন লিটন। এসব কারণে লিটন ও তাঁর সমর্থকেরা বিপুলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।
বিপুলের চাচা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিপুল একই গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৬) ও আরিফ হোসেনের সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মনোহরপুর বড়বাড়ি এলাকায় পৌঁছালে একদল লোক তাঁদের ওপর হামলা করে। বিপুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো ও পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর দুই সঙ্গীও আহত হন। তাঁদের মধ্যে জাহাঙ্গীর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর আরিফ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, হামলার সময় সোহাগ আলী নামের লিটনের এক সমর্থক রক্তাক্ত জখম হন। তাঁর বাড়ি উপজেলার পুকুরিয়া গ্রামে। হাসপাতালে ভর্তি হলে পুলিশ তাঁকে আটক করে।
গতকাল বুধবার সকালে বিপুলের বাড়িতে গিয়ে দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা রিজিয়া খাতুন। তিনি বলেন, তাঁর স্বামী ফজলুর রহমান মণ্ডল দিনমজুর। কিন্তু এখন তেমন কাজ করতে পারেন না। ছেলে বিপুল বাসের চালকের সহযোগীর (হেল্পার) কাজ করতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের চাষযোগ্য কোনো জমি নেই।
জানতে চাইল কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই সোহাগসহ ছয়জনকে আটক করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বিপুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।