ঝিনাইদহে শিবির নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় শুক্রবার মো. জসিম উদ্দিন (২৪) নামে ছাত্রশিবিরের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। জামায়াতের এক নেতার লাশ উদ্ধারের পাঁচ দিনের মাথায় এ ঘটনা ঘটল।

জসিম গান্না ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে। পড়তেন ঝিনাইদহ আলীয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষে।
নিহত ব্যক্তির ভাই সাইফুর রহমান বলেন, জসিম গত ১২ ফেব্রুয়ারি সিলেট থেকে বাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালন্দ ঘাট এলাকায় কয়েক ব্যক্তি নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে তাঁকে নামিয়ে নেয়। এরপর শুক্রবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের মাঠে তাঁর লাশ পাওয়া যায়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, কৃষকেরা মাঠে গিয়ে গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে। এরপর থানায় নিহত ব্যক্তির ভাই সাইফুর লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ২৯ ফেব্রুয়ারি গান্না ইউনিয়ন জামায়াতের কর্মী ও মাদ্রাসাশিক্ষক আবু হুরাইয়ার (৩২) লাশ যশোরের চৌগাছা উপজেলায় পাওয়া যায়।