ঝিনাইদহে শিয়া চিকিৎসক খুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামে গতকাল সোমবার রাতে একজন হোমিও চিকিৎসককে দুর্বৃত্তরা খুন করেছে। তিনি শিয়া সম্প্রদায়ের লোক এবং এই মতবাদের প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের নাম আবদুর রাজ্জাক (৪৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার খরাশুনি গ্রামে। চাপালি গ্রামের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ইমাম খোমেনি হোমিও হল নামের নিজের ওষুধের দোকানে চিকিৎসা দিতেন। বাসস্ট্যান্ডের ৫০০ গজ দূরে তিনি নিজের বাসায় থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আবদুর রাজ্জাক তাঁর দোকানে শিয়া সম্প্রদায়ের লোকদের নিয়ে প্রায়ই বৈঠক করতেন। সেখানে ওই সম্প্রদায়ের লোকদের যাতায়াত ছিল। গতকালও তিনি দোকানে তাঁদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসার উদ্দেশে রওনা হন। পথে নির্জন স্থানে পড়ে থাকতে দেখে পথচারীরা সড়ক দুর্ঘটনায় আহত ভেবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তি দুর্ঘটনায় আহত হননি। তাঁর দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে।
নাম প্রকাশ না করার শর্তে নিহত আবদুর রাজ্জাকের কয়েকজন অনুসারী বলেন, জঙ্গিরা তাঁকে খুন করে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে বগুড়া ও ঢাকায় শিয়াপন্থীদের ওপর হামলার ঘটনার যোগসূত্র আছে।