ঝিনাইদহে সভাপতি পেটালেন অধ্যক্ষকে
পছন্দের প্রার্থী নিয়োগ পরীক্ষায় প্রথম হতে পারেননি। তারপরও তাঁকেই নিয়োগ দিতে হবে। এ জন্য অধ্যক্ষকে আগের নিয়োগ বোর্ড বাতিল করে নতুন বোর্ড গঠনের চাপ দেন সভাপতি। এই নির্দেশ পালন না করায় গত মঙ্গলবার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে পরিচালনা কমিটির সভাপতি নুর আলম বিশ্বাসের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাকিয়া ফাজিল মাদ্রাসায়। বর্তমানে আহত অধ্যক্ষ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় তাঁর কাছ থেকে বেশ কিছু কাগজে স্বাক্ষর করে নেওয়া হয়েছে।
নুর আলম বিশ্বাস বলেন, আগের নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে। এরপর তিনি নিজে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছেন। সেটার পক্ষে নিয়োগ বোর্ড গঠনের কথা বলেছেন। কিন্তু অধ্যক্ষ সেটা করবেন না। যে কারণে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। মারপিট করা হয়নি। তিনি বলেন, ১১ জনের মধ্যে ৯ জন স্বাক্ষর করেছেন, তিনি করবেন না এটা হতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার জানান, বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।