ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে তরিকুল ইসলাম (২২) নামের স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে শহরের ষাঁড়বাড়িয়া এলাকার মডার্ন মোড় নামক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তরিকুল শহরের ব্যাপারীপাড়ার মজিবুর রহমানের ছেলে।
এদিকে এই হত্যাকাণ্ডের পর দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই দলীয় নেতা-কর্মীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে মিছিল বের করেন।
সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, রাত সাড়ে নয়টার দিকে ষাঁড়বাড়িয়া এলাকার মডার্ন মোড়ে তরিকুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন।
এ সময় একদল সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তরিকুল ইসলাম মারা যান।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, তরিকুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির কর্মী ছিলেন। শহরের একদল চিহ্নিত সন্ত্রাসী তাঁকে কুপিয়ে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম জানান, তরিকুল ইসলাম তাঁদের কর্মী ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।