ঝিনাইদহে হোমিও চিকিৎসক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের ছমির মণ্ডল ওরফে খাজা (৮০) নামের এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বেলেখাল বাজারে ঘটনাটি ঘটে। নিহত খাজা কালুহাটি গ্রামের সুরাত আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো বেলেখাল বাজারে নিজ দোকানে বসে ছিলেন ছমির মণ্ডল। এমন সময় চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, মুখোশধারী দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।