ঝিনাইদহে ১৫ লাখ টাকার চাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে একটি চালকল থেকে ৫৬১ বস্তা চাল লুট করেছে একদল ডাকাত। এ চালের দাম প্রায় ১৫ লাখ টাকা।
বাজারের আর কে এন্টারপ্রাইজে গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ওই চালকলের মালিক মনিরুজ্জামান বলেন, চালকলের গুদামে অনেক চাল ছিল। শুক্রবার রাত দেড়টায় ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত চালকলে আসে। ডাকাতেরা তিন কর্মচারীকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলে। এরপর গুদামে থাকা ৫৬১টি চালের বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ট্রাকে ভরতে থাকে।
মনিরুজ্জামান আরও বলেন, প্রায় আড়াই ঘণ্টা পর দুটি ট্রাকে করে তারা বস্তাগুলো নিয়ে যায়। এই চালের আনুমানিক দাম ১৫ লাখ টাকা। এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। আশা করছেন, লুট হওয়া চাল তাঁরা উদ্ধার করতে পারবেন। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।