ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামিম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কালীগঞ্জ শহরের বলিদাপাড়া এলাকার ওয়াপদা সড়কে এই ঘটনা ঘটে। নিহত শামিম হোসেন শহরের শিবনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পুরোনো ঢাকা এলাকার মমিন সর্দ্দারের পুত্র। পুলিশ বলছে, শামিম চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১৭ বোতল ফেনসিডিল ও ৪৮০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে।
ওসি মিজানুর রহমান আরও বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানা-পুলিশের একটি টহল দল বলিদাপাড়া এলাকার ওয়াপদা সড়কে টহল দিচ্ছিলেন। সে সময় ওই সড়কে সন্দেহজনক কয়েকজনকে দেখতে পান। পুলিশ তাদের থামতে বললে সন্দেহজনক ওই ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের গুলিতে শামিম হোসেন গুরুতর আহত হন। শামিমকে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান জানিয়েছেন, শামিম হোসেনকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে।
এদিকে নিহত শামিম হোসেনের স্ত্রী শামছুন্নাহারের ভাষ্য, তাঁর স্বামী নছিমন-করিমন গাড়ির যন্ত্রাংশ বিক্রি করেন। কালীগঞ্জ শহরের বিহারি মোড়ে শামিমের একটি দোকান রয়েছে। বুধবার তিনি দোকানে কেনাবেচা করছিলেন। বিকেলে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি এসে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে শামিম নিখোঁজ ছিলেন। রাতে জানতে পারলেন শামিম বন্দুকযুদ্ধে মারা গেছেন। নিহত শামিম হোসেনের সিয়াম নামের দশ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।