ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' দুই জামায়াত নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতে ইসলামীর দুই নেতা নিহত হয়েছেন। শহরের ঝিনাইদহ-মাগুরা সড়কের ভুটিয়ারগাতি এলাকায় গত সোমবার গভীর রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজনের পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন আগে তাঁদের ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

চলতি বছর এ নিয়ে ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন নিহত হলেন। গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় পাঁচজনের। এ ছাড়া ট্রেনে কাটা পড়া একজনের ও গাড়িচাপায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়। এই ১৪ জনের মধ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ১২ জন। তাঁদের বেশির ভাগের পরিবারের অভিযোগ, লাশ উদ্ধারের বেশ কিছুদিন আগে তাঁদের ডিবি বা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

সোমবার রাতে নিহত দুজন হলেন শহরের পানি উন্নয়ন বোর্ড কলোনির বাসিন্দা শমসের আলী মোল্লার ছেলে ঝিনাইদহ পৌর জামায়াতের আমির জহুরুল ইসলাম (৪২) এবং সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে জামায়াতের রুকন ও হারবাল চিকিৎসক তারেক হাসান (৪০)।

পুলিশ বলেছে, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তিনটি মোটরসাইকেল দ্রুতগতিতে শহরের বাইপাস সড়ক ধরে টার্মিনালের দিকে যাচ্ছিল। টহল পুলিশ সেগুলোর গতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। সামনে থাকা পুলিশের আরেকটি টহল দল তাদের আটকানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি করে ও বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, মোটরসাইকেল তিনটির আরোহীদের কোথাও নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, পাঁচটি বোমা, দুটি গুলি, একটি হাঁসুয়া ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের নামে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তবে নিহত জহুরুল ইসলামের ভগ্নিপতি লোকমান হোসেন বলেন, গত ৭ সেপ্টেম্বর জহুরুলকে শহরের আলহেরা এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে সে সময় সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে পারেন তাঁরা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত তারেকের চাচাতো ভাই ফারুক হোসেন বলেন, ১৩ সেপ্টেম্বর রাতে আরাবপুর থেকে পুলিশ তারেককে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এর আগে ৩০ জুলাই মহেশপুর উপজেলার কাটাখালীতে বন্দুকযুদ্ধে নিহত হন রমজান আলী (৪৬)। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য ছিলেন। ১৮ জুলাই সদর উপজেলার আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন শিবির কর্মী সাইফুল ইসলাম। ২৪ জুন সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাঠে বন্দুকযুদ্ধে নিহত হন শিবিরের দুই নেতা শহিদ আল মাহমুদ ও আনিচুর রহমান। মধুপুর কবরস্থান এলাকায় ২৫ জুন নিহত হন শহর শিবিরের সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজ।

যশোর সদর উপজেলার জোড়াদহ গ্রামের মাঠে ১৩ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতি আবুজর গিফারি ও কর্মী শামীম হোসেনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ১৪ এপ্রিল কালীগঞ্জের ঈশ্বরবা গ্রাম থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিবির কর্মী সোহানুর রহমানের গুলিবিদ্ধ লাশ পরে পাওয়া যায় চুয়াডাঙ্গায়।

গত ২৯ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা সড়কের পাশে পাওয়া যায় ঝিনাইদহের মাদ্রাসাশিক্ষক ও জামায়াত কর্মী আবু হুরাইরার গুলিবিদ্ধ লাশ। ৪ মার্চ হরিণাকুণ্ডুর হিঙ্গেরপাড়া গ্রামের মাঠে পাওয়া যায় শিবির কর্মী জসিম উদ্দীনের গুলিবিদ্ধ লাশ। পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে আবু হুরাইরাকে এবং পুলিশ পরিচয়ে জসিম উদ্দীনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

২ ফেব্রুয়ারি যশোরের ষষ্ঠীতলা গ্রামের শরিফুল ইসলামের ট্রেনে কাটা পড়া লাশ পাওয়া যায় ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ী রেলগেটে। আগস্টে হরিণাকুণ্ডুর একটি মাদ্রাসার সুপার জামায়াত কর্মী পান্না হুজুর গাড়িচাপায় নিহত হন। তাঁদের পরিবারেরও অভিযোগ, এক সপ্তাহ আগে শরিফুলকে ডিবি পরিচয়ে এবং পান্না হুজুরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

জামায়াতের বিবৃতি: ঝিনাইদহে সোমবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহুরুল ও তারেক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র করছে, তারই অংশ হিসেবে তাঁদের পুলিশ হত্যা করেছে।

কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ আহত ১: ঝিনাইদহে কালীগঞ্জের বারোবাজার-তাহেরপুর সড়কের ধোপাদীতে সোমবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, নাসির আন্তজেলা ডাকাত দলের সদস্য। তবে হাসপাতালে চিকিৎসাধীন নাসিরের দাবি, তিনি ট্রাকচালক। কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক পদে দুবার নির্বাচিত হয়েছেন। তাঁর অভিযোগ, ঘুষ দিতে না পারায় তাঁর পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে।

তবে বারোবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নাসিরের অভিযোগ সত্য নয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।