ঝিনাইদহের নারী বগুড়ায় ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের বারান্দায় আশ্রয় নেওয়া এক নারী গত সোমবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শাজাহানপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই নারীর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়। তিনি ও তাঁর স্বামী ডালা, কুলাসহ বাঁশের আসবাব তৈরি করে গ্রামে ফেরি করে বিক্রি করে জীবিকা চালান। গত রমজান মাসে তাঁরা স্বামী-স্ত্রীসহ চার সদস্যের পরিবারটি ইউপি কমপ্লেক্সের বারান্দায় আশ্রয় নেন। নির্যাতিত নারীর স্বামী বলেন, সোমবার গভীর রাতে চার যুবক এসে ধারালো অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে।
ইউপি ভবনসংলগ্ন নগর হাট এলাকার কয়েক ব্যক্তি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওই নারীকে ধর্ষণের আগে সেখানকার বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ওই রাতে সেখানে পাহারার দায়িত্বে ছিলেন সুনীল রবিদাস ও আবদুল হাকিম নামের দুই দফাদার। কিন্তু তাঁরা পাহারা দিতে আসেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।