ঝিনাইদহের বখাটেকে মাগুরায় গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ঝিনাইদহের শৈলকূপার এক বখাটেকে গণপিটুনি দিয়েছেন জনতা। গতকাল শনিবার দুপুরে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত ব্যক্তির নাম কৃষ্ণ অধিকারী (২৭)। তিনি শৈলকূপা উপজেলার আলফাপুর গ্রামের অসিক অধিকারীর ছেলে। কৃষ্ণ বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে কৃষ্ণ অধিকারীর পরিচয় হয়। পরে কৃষ্ণ প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন। মাস দু-এক আগে তিনি শ্রীপুর কলেজে এসে মেয়েটিকে উত্ত্যক্ত করেন। এ সময় পুলিশ ডেকে তাঁকে ধরিয়ে দেন মেয়েটি। পরে শ্রীপুর থানা-পুলিশ মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। গতকাল সকালে ওই কলেজছাত্রী মায়ের সঙ্গে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা দিতে আসেন। ওই বখাটে যুবকও সেখানে হাজির হন। কলেজছাত্রীর মা তাঁকে চিনতেন। বেলা সোয়া দুইটার দিকে তিনি স্থানীয় কয়েকজনের সহায়তায় কৃষ্ণকে ধরে গণপিটুনি দেন। আহত কৃষ্ণ মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর একটি হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ছেলেটির সঙ্গে কথা বলেছি ও খোঁজখবর করেছি। তিনি দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়নি। ছাত্রীর পরিবারের কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি।’