ঝিনাইদহের যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মাঠ থেকে গতকাল বুধবার ঝিনাইদহের যুবদল নেতা মিরাজুল ইসলাম ওরফে মির্জার (২৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিরাজুল ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মহল্লার জোনাব আলীর ছেলে এবং পৌর যুবদলের সহসভাপতি। পরিবারের দাবি, সাত দিন আগে মিরাজুলকে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তুলে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, সকাল ১০টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রথমে লাশটি অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করা হলেও বিকেল সাড়ে তিনটার দিকে নিহত ব্যক্তির বড় ভাই ইয়াদ আলী মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশের ধারণা, মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে মিরাজুলকে হত্যা করা হয়েছে।
নিহত মিরাজুলের ভাই ইয়াদ আলীর অভিযোগ, ১৭ মার্চ রাতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে বাড়ির সামনের একটি ছাত্রাবাস থেকে মিরাজুলকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে ঝিনাইদহ থানায় যোগাযোগ করা হলে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। ইয়াদ আলীর দাবি, সরকারবিরোধী রাজনীতি করার কারণেই তাঁর ভাইকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়।
মিরাজুলের মা বুলবুলি খাতুনের অভিযোগ, মিরাজুল বিএনপির রাজনীতি করে বলে তার নামে কয়েকটি মামলা দেওয়া হয়েছে। দল করার অপরাধে তাকে মেরে ফেলা হলো। তিনি বলেন, মিরাজুলকে ধরার পর পুলিশ অস্বীকার করায় তারা আশঙ্কা করেছিলেন, কথিত ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাঁকে মেরে ফেলা হতে পারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।
ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে-এলাহী শিমুল জানান, মিরাজুল তাঁদের সংগঠনের ঝিনাইদহ পৌর কমিটির সহসভাপতি। তাঁর অভিযোগ, দলের সক্রিয় নেতা হওয়ায় মিরাজুলকে মেরে ফেলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, কে বা কারা মিরাজুলকে ধরে নিয়ে গিয়ে খুন করেছে। খুনের কারণ ও খুনিদের পরিচয় জানতে পুলিশি তৎপরতা চলছে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ প্রথম থেকেই মিরাজুলকে আটকের অভিযোগ অস্বীকার করে আসছিলেন। গতকাল ওসি বলেন, মিরাজুলের লাশ চুয়াডাঙ্গায় পাওয়া গেছে বলে তিনি খবর পেয়েছেন।