ঝিনাইদহের লেবুতলা জঙ্গি আস্তানায় অভিযান শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের লেবুতলায় জঙ্গিবিরোধী ‘অপারেশন শাটল স্প্লিট’-এর দ্বিতীয় অভিযানও শেষ হয়েছে। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদের নেতৃত্বে চলা এ অভিযান দুপুরে শেষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দিদার আহম্মেদ প্রেস ব্রিফিং করে এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

দিদার আহম্মেদ জানান, সোমবার ওই বাড়ি থেকে আটটি গ্রেনেড ও বোমা এবং একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। ওই বাড়ির মালিকের ছোট ছেলে শামীম হোসেনকে আটক করা হয়। ওই আটটি বোমা নিষ্ক্রিয় করেছে নিষ্ক্রিয়কারী দল।

সোমবার ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের মৃত শরাফত আলীর বাড়িতে দ্বিতীয় দফায় এ অভিযান চালানো হয়। এর আগে গতকাল রোববার প্রথম অভিযান পরিচালিত হয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তাঁর ছেলে জসিম উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নিহত দুই জঙ্গির মধ্যে একজন তুহিন, আরেকজন আবদুল্লাহ। তুহিন গুলিতে আর আবদুল্লাহ আত্মঘাতী বোমা হামলায় মারা যান। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ পরিবার নিতে চায়নি। এ কারণে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের অপর এক কর্মকর্তা জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে লেবুতলা গ্রামে নব্য জেএমবির সদস্য শামীম হোসেনের বাড়িতে অভিযান চালান পুলিশ। শেষ হয় দুপুর সোয়া ১২টায়। দুই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে পরপর বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয় ৭টি গ্রেনেড ও ১টি বোমা। নিষ্ক্রিয়কারী দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক করা নব্য জেএমবির সদস্য শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লেবুতলা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামে যে জঙ্গি আস্তানা আছে, সেটা পুলিশ ঘিরে রেখেছে—এটা জানার পর থেকেই তাঁরা আতঙ্কের মধ্যে পড়ে যান। রোববার রাতে গ্রামের কেউ ঠিকমতো ঘুমাতে পারেননি। গ্রামের বাসিন্দা সোহেল রানা জানান, যে বাড়িটিতে অভিযান চালিয়েছে পুলিশ, সেই বাড়ির মালিক শরাফত আলীর মূল বাড়ি ঝিনাইদহ শহরের কামারকুণ্ডু এলাকায়। প্রায় ২৫ বছর আগে তিনি এই গ্রামে আসেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর দুই ছেলে দুই মেয়ে। মেয়ে পারভীনা খাতুন ও কুলফী খাতুনের বিয়ে হয়েছে। বড় ছেলে হাসান আলী বাবার পেশায় আছেন। ছোট ছেলে শামীম হোসেন ঝিনাইদহ পলিটেকনিকের ছাত্র।
সোহেল রানা জানান, তাঁদের গ্রামে শামীম মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে তিনি বৃত্তি পান। এসএসসি, এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছেন। তাঁর ব্যবহারও খুব ভালো। কেউ তাঁকে খারাপ বলতে পারবেন না। তিনি অন্য কারও সঙ্গে মিশতেন না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তবে অন্যদের সঙ্গে তাঁর নামাজের পার্থক্য ছিল। তিনি বুকে হাত বেঁধে নামাজ আদায় করতেন।

এর আগে রোববার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঢাকায় সংবাদ কর্মীদের জানান, শামীম হোসেন এর আগে ঝিনাইদহে অবস্থানকারী ও গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহত জঙ্গি নিবরাসের একজন সহযোগী ছিলেন। নিবরাসরা যখন ঝিনাইদহে অবস্থান করেন, শামীম তখন তাঁদের সব ধরনের সহযোগিতা করেন।