সরকারি অনুমোদন ছাড়াই বান্দরবান জেলায় ৫২টি ইটভাটা চলছে। এর মধ্যে জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নেই রয়েছে ২৩টি ইটভাটা। প্রয়োজনীয়তা থাকলেও যেসব ইটভাটা পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। কোনোভাবেই যেখানে-সেখানে ইটভাটা করা যাবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় ইটভাটা নিয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক ও বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্যসচিব করে জেলা পরিবেশ অনুসন্ধান কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
এ কমিটি জেলায় ৫২টি ইটভাটার পরিবেশগত দিক অনুসন্ধান করবে। তাদের তদন্তের ভিত্তিতে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে জেলার কোথায়, কী শর্তে ইটভাটা করা যাবে, তা-ও নির্ধারণ করবে।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বিভাগীয় বন কর্মকর্তার হারুনুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন, জেলা আনসার অধিনায়ক মীর আলমগীর হোসেন।
এ ছাড়া ইটভাটার মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
জমির উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামে ব্যক্তি পর্যায়ে পাহাড় কাটার অনুমতি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। সরকারি প্রয়োজনে পাহাড় কাটতে হলে বিশেষজ্ঞ কমিটির মতামত নিতে হয়।
শরীফ হোসেন বলেন, বান্দরবানে উন্নয়ন কাজের জন্য স্থানীয় বিভিন্ন ঝিরি ও ঝরনা থেকে পাথর তোলা হয়। কিন্তু পাথর তোলার কারণে পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। এতে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এ জন্য প্রাকৃতিক পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া জরুরি।