চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় সওজ পাহাড়ের ছোট-বড় প্রায় ১০০ গাছ কেটে ফেলা হয়েছে। বন বিভাগের অনুমতি ছাড়াই গত ১৫ দিনে এসব গাছ কাটা হয়েছে। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে শিরীষ, সেগুন, জাম, কাঁঠাল, তেতুল, ডুমুর ও নারকেলগাছ। এই পাহাড়ের নিচে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়। আর পাহাড়চূড়ায় সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের বাংলো রয়েছে।
সওজের কর্মকর্তাদের দাবি, গাছ কেটে সেখানে নতুন করে বাগান করা হবে। পাহাড়চূড়ার বড় একটি শিরীষগাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একটি ডুমুরগাছে বাদুড় বসায় সেখারকার পরিবেশ নষ্ট হচ্ছিল। এসব কারণে বাধ্য হয়ে গাছ কাটতে হয়েছে।
গাছ কাটায় সওজ পাহাড়ের একাংশ এখন ‘ন্যাড়া’ হয়ে গেছে। পাহাড়ের ঢালে কিছু অবৈধ বসতিও রয়েছে। পাহাড়ের ওপরের অংশে গাছ কাটায় মাটিধসের আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে গতকাল রোববার দুপুরে সওজ পাহাড়ে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বাংলোর পাশের প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। গাছের কাটা কিছু অংশ ফেলে রাখা হয়েছে। কয়েকটি গাছের ডাল এবং মাথা ছেঁটে ফেলা হয়েছে। আবার কোনো গাছ অর্ধেক কাটা অবস্থায় রয়েছে। কিছু গাছের কাণ্ডে কুড়ালের কোপ রয়েছে। গাছের ডালপালা সংগ্রহ করছিলেন এক নারী ও তাঁর কিশোর ছেলে। জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমরা লাকড়ির জন্য ডালপালা সংগ্রহ করতে এসেছি।’
পাহাড়টির পাদদেশের বাসিন্দা আবদুল মতিন বলেন, ‘গাছ কাটছে এবং নিয়ে যাচ্ছে দেখেছি। কিন্তু কী জন্য কাটা হয়েছে, জানি না।’
সরকারি স্থাপনার গাছ কাটতে বন বিভাগ থেকে অনুমতি নিতে হয়। এ বিষয়ে চট্টগ্রাম উত্তরের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জগলুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে সওজের পক্ষ থেকে গাছ কাটার কোনো আবেদন করা হয়েছে বলে মনে পড়ে না। এ ছাড়া সওজের গাছের মূল্য নির্ধারণের জন্য কোনো কমিটিও আমি গঠন করিনি। সরকারি গাছ কাটতে কিংবা বিক্রি করতে আমাদের কাছে আবেদন করতে হয়।’
এ বিষয়ে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, তাঁর বাসভবনের পাশে একটি শিরীষগাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গাছটি যেকোনো মুহূর্তে ভবনের ওপর পড়তে পারত। এ ছাড়া একটি ডুমুরগাছে প্রতিদিন শত শত বাদুড় বসে বাসার পরিবেশ নষ্ট করছিল। তাই দুটি গাছ কেটে জঙ্গল পরিষ্কার করতে বলেছিলেন তিনি। কিন্তু শ্রমিকেরা আরও কিছু গাছ কেটে ফেলেছে। তিনি বলেন, ‘আমি আজ নিষেধ করে দিয়েছি আর গাছ না কাটতে। ওখানে আমি নতুন করে বাগান করব।’
গাছ কাটার জন্য বন বিভাগের কাছ থেকে অনুমতি না নেওয়ার কথা স্বীকার করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, ‘আসলে অনুমতি নেওয়া হয়নি। দু-একটা গাছ কাটার কথা। যে নারকেলগাছগুলো কাটা হয়েছে, সেগুলোতে ফল ধরে না। আর আমি ইতিমধ্যে ফলদ ও বনজ গাছের চারা সংগ্রহ করেছি। কাল (আজ) থেকে ওগুলো লাগানো শুরু করব। প্রায় ১০০ গাছ আমি ওই পাহাড়ে লাগাব।’
স্থানীয় বাসিন্দারা বলেন, গাছ কেটে ফেলার কারণে পাহাড়টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাহাড়ের পাদদেশে সওজের কর্মচারীদের বাসা রয়েছে। এ ছাড়া অবৈধভাবে বেশকিছু ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। অন্তত ১০০ ঘর পাহাড়ের পাদদেশে রয়েছে। গাছ কেটে ফেলার কারণে পাহাড়ের মাটি বৃষ্টির সঙ্গে ধসে পড়ার আশঙ্কা করছেন এসব ঘরের লোকজন।
তবে গাছ কাটায় পাহাড়ের ক্ষতি হবে না দাবি করেন সওজের উপসহকারী প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া। তিনি বলেন, ‘কিছু ডালপালা ছেটে দিচ্ছি। দু-একটি গাছ কেটেছি।’
সওজ পাহাড়ের গাছ কাটা বিষয়ে চট্টগ্রামের শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তিনি জানেন না। সওজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে করণীয় নির্ধারণ করবেন তিনি।