ঝুঁকিপূর্ণ জায়গা দখল করে আ.লীগের কার্যালয় নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে রেলওয়ের ঝুঁকিপূর্ণ জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করেছে পৌর আওয়ামী লীগ ও যুবলীগ। দখল করা দুই জায়গার একটিতে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে এবং অপরটি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
কার্যালয় নির্মাণ করার কারণে স্টেশন থেকে যাত্রীদের বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে স্টেশনের পশ্চিম পাশের প্ল্যাটফর্ম-সংলগ্ন রাস্তা বন্ধ করে ৭ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগ ও যুবলীগের কার্যালয় নির্মাণ করা হয়েছে। ওই কার্যালয় নির্মাণের পাশাপাশি স্টেশন এলাকার ভেতরে থাকা ফাঁকা জায়গা বেড়া দিয়ে দখল করেছেন যুবলীগের কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার পাঁচ-ছয়জন জানান, স্টেশন থেকে বের হওয়ার রাস্তা দখল করে অফিস নির্মাণ করার কারণে একদিকে যাত্রীদের চলাচল ব্যাহত হবে, অন্যদিকে রেললাইন ঘেঁষে ঘর তৈরি করায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মতিউর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম জায়গা দখলের বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাঁকে জানানো হয়নি।