ঝুট ছিনতাই, সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রায় ২০ লাখ টাকার ঝুট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একটি প্রভাবশালী চক্র এই ঝুট ছিনতাইয়ের নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ট্রাক থেকে ছিনতাই করা ঝুট নামানোর সময় ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা অনলাইন পত্রিকা বাংলা নিউজ টোয়েন্টিফোরের স্থানীয় প্রতিনিধি ওমর ফারুককে মারধর করে। এ সময় তাঁর ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের ও কারখানা থেকে জানা গেছে, সিদ্দিকুর রহমান নামের এক ব্যবসায়ী এক বছরের জন্য ইজারা নিয়ে ডিইপিজেড এলাকায় গ্রামীণ নিটওয়্যার নামের একটি পোশাক কারখানার সঙ্গে ঝুটের ব্যবসা করছেন। সিদ্দিকুর কারখানার ছয় ট্রাক ঝুট শফিকুর রহমান নামের এক ব্যবসায়ীর কাছে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শফিকুর ছয়টি ট্রাকে করে এসব ঝুট ডিইপিজেড এলাকা থেকে বের করেন।
শফিকুর রহমান বলেন, ট্রাকগুলো ডিইপিজেড এলাকা থেকে বের হওয়ার পরই সাফায়েত হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের মুখে চালক ও সহকারীদের মারধর করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ট্রাকগুলো আশুলিয়া থানার সামনে এনে ঝুট নামাতে থাকে। এ সময় সাংবাদিক ওমর ফারুক ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা তাঁকে পিটুনি দিয়ে সঙ্গে থাকা ক্যামেরাটি ভেঙে ফেলে।
ওমর ফারুক বলেন, মারধরের ঘটনাটি তিনি আশুলিয়া থানায় জানালে সন্ত্রাসীরা ঝুট বোঝাই তিনটি ট্রাক থানার সামনে ফেলে পালিয়ে যায়। তবে সন্ত্রাসীরা অন্য তিনটি ট্রাক নিয়ে গেছে।
ব্যবসায়ী সিদ্দিকুর রহমানসহ কয়েকজন অভিযোগ করেন, সাফায়েত হোসেনসহ প্রভাবশালীদের একটি চক্র আশুলিয়া এলাকা থেকে ঝুটের ট্রাক ছিনতাইসহ নানা অপকর্ম করে যাচ্ছে। তাদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন উপজেলায়। থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয় না।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘সাফায়েত নামের এক লোক ডিইপিজেড এলাকা থেকে কয়েক ট্রাক ঝুট ছিনতাই করেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’