ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

আহত ডিবির উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমানকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও ডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তি নামাগেন্ডা এলাকার ঢাকা সোয়েটার নামে একটি পোশাক কারখানা থেকে ঝুট কিনে ব্যবসা করছিলেন। অন্যদিকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই ব্যবসা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে আজ বিকেল সাড়ে চারটার দিকে কারখানার সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ডিবির এসআই জিল্লুর রহমান ঘটনাস্থলে গেলে তাঁর ওপরও হামলার ঘটনা ঘটে। এতে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পান। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ডিবির এসআই তৌহিদুর রহমান বলেন, ঘটনার পর জিল্লুরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ফেটে গেছে এবং ঘাড়ে আঘাত পেয়েছেন।

ঘটনার পর এ বিষয়ে কথা বলার জন্য ঘটনাস্থলে গিয়ে কোনো পক্ষের লোকজনকেই পাওয়া যায়নি। মোশারফ হোসেনের মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।