ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেতজুরী এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে ওই এলাকার ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেডে ব্যবসায়িক আধিপত্যকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার বেতজুরী এলাকার ওই পোশাক কারখানায় শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে ঝুটের ব্যবসা করে আসছিলেন। এর মধ্যে কারখানাটি ২০১১ সাল থেকে প্রায় দুই বছর বন্ধ ছিল। পরে কারখানার মালিকানা বদল হলে সেখানকার নতুন মালিকের সঙ্গে চুক্তি করে জামাল উদ্দিন চার মাস ধরে ঝুট ব্যবসা শুরু করেন। এর পর থেকে মজিবুর নিজেকে ব্যবসায়িক অংশীদার করার জন্য জামাল উদ্দিনকে চাপ দিতে থাকেন। গতকাল বৃহস্পতিবার সকালে মালামাল নেওয়ার জন্য একটি ট্রাক কারখানায় যাওয়ার সময় মজিবুর ও তাঁর সহযোগীরা সেটিকে সড়কে আটকে দেন। ট্রাক ছাড়াতে গেলে তাঁরা জামাল উদ্দিনের লোকজনের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পরে তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
মজিবুর রহমান বলেন, ওই কারখানায় তিনি জামাল উদ্দিনের সঙ্গে যৌথভাবে ঝুটের ব্যবসা করতেন। তাঁর কাছে লভ্যাংশের টাকাও পাওনা আছে। ওই টাকা পরিশোধ না করে তাঁকে ব্যবসা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন-উল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।