ঝুট ব্যবসায় বিরোধের জের ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে ঢাকার আশুলিয়ায় বাপ্পী মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তাঁর দুই হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
পুলিশ জানায়, স্থানীয় ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হালিম আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার ফোর এ ইয়ার্ন ডাইং নামের একটি পোশাক কারখানায় ঝুটের ব্যবসা করতেন। বছর খানেক আগে বাপ্পী ওই ব্যবসা দখলে নিলে হালিমের সঙ্গে তার বিরোধ বাধে। কয়েক মাস পর হালিমের লোকজন পুনরায় ওই ব্যবসার দখল নেয়। এ বিরোধের জেরে বাপ্পীর ওপর হামলা চালানো হয়।
বাপ্পীর চাচা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, বাপ্পী তার এক সহযোগীকে নিয়ে মঙ্গলবার বিকেলে কাইচাবাড়ি এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় হালিম তার লোকজন নিয়ে বাপ্পীর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে বাপ্পীর দুই হাতের কনুই বরাবর প্রায় কেটে ফেলে। এ ছাড়া তার পা ও মাথাও কুপিয়ে জখম করা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর চিকিৎসক শুভেন্দু বণিক বলেন, বাপ্পীর দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় বাপ্পীর পরিবার আবদুল হালিমসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।