ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গতকাল রোববার একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবাহ এলাকার একটি টেক্সটাইল মিলের ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম নামের এক যুবক নিয়ন্ত্রণ করে আসছেন। গতকাল সকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বজলুর রহমানের নেতৃত্বে কয়েকজন ওই কারখানার কর্তৃপক্ষের কাছে ঝুট কেনার বিষয়ে কথা বলতে যান। এ সময় রফিকুল ইসলামের লোকজন তাঁদের আটকে মারধর করেন।
খবর পেয়ে বজলুর রহমানের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। বিকেল চারটার দিকে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় পুলিশ একজনকে আটক করে।
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও বজলুর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামের বাবা আবদুর রশিদকে আটক করা হয়েছে।