
রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে হত্যার নেপথ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি বলেছে, এ ঘটনায় গ্রেপ্তার করা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুজন জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন।
ডিবি আরও বলেছে, হত্যার ঘটনায় গ্রেপ্তার করা দুজনসহ আটজন জড়িত। গুলি করেছেন তিনজন। গ্রেপ্তার করা দুজন মো. ফারুক ওরফে মিলন (৪০) ও নূর মোহাম্মদ (৩০) স্থানীয় যুবলীগের প্রয়াত নেতা বাউল সুমনের সহযোগী। এ দুজনকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবি এসব কথা বলেছে। তিন খুনের এ মামলা তদন্ত করছে ডিবি। গ্রেপ্তার করা দুজনকে ডিবি গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাতে মধ্য বাড্ডার আদর্শনগরে পানির পাম্পের সামনে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। তাঁরা হলেন ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসু মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফে গামা ও স্থানীয় একটি হাসপাতালের সাবেক কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ ঘটনায় গুলিবিদ্ধ রিকশা গ্যারেজের মালিক আবদুস সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যার ঘটনায় শনিবার রাতে বাড্ডা থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন মাহবুবুরের বাবা মতিউর রহমান। রোববার মামলাটির তদন্ত ডিবিতে স্থানান্তর করা হয়।
গতকাল সংবাদ ব্রিফিংয়ে ডিবি বলেছে, বাড্ডা ও ভাটারা থানা এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে বাড্ডা থানা আওয়ামী লীগের নেতা ফারুক ও ছাত্রলীগের কর্মী নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। ফারুক ঘটনার মূল পরিকল্পনাকারী এবং নূর মোহাম্মদ সরাসরি খুনের ঘটনায় জড়িত। ফারুক বাড্ডার বাসিন্দা। নূর মোহাম্মদের বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি বাড্ডায় ভাড়া বাসায় থাকেন।
ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জানা গেছে, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। বাড্ডায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন নিহত মাহবুবুর। তাঁকে হত্যার জন্য গ্রেপ্তার ফারুক কয়েকজনকে নিয়ে বাড্ডার একটি স্থানে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এই হত্যায় জড়িত হিসেবে গ্রেপ্তার দুজনসহ আটজনের নাম পাওয়া গেছে। ঘটনাস্থলে ছিলেন আটজনই। তিনজনের হাতে ছিল অস্ত্র। ওই তিনজনই গুলি ছুড়ে হত্যাকাণ্ড ঘটান। হত্যাকারীদের মূল লক্ষ্য ছিলেন মাহবুবুর। কিন্তু একাধিক জনের কাছে অস্ত্র থাকায় এবং ঘটনাস্থলে আলো-আঁধারি থাকায় হত্যাকারীরা চেয়ারে বসে থাকা চারজনকেই গুলি করেন। হত্যাকারীরা কোনো ঝুঁকি নিতে চাননি।
মনিরুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে হত্যার নেপথ্যে পশুর হাটের ইজারা, ব্যক্তিগত লেনদেনসহ বিভিন্ন কারণ বলা হয়েছে। তবে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং জড়িত অন্যদের গ্রেপ্তার করে অধিকতর তদন্ত করে দেখা হবে, ঘটনার নেপথ্যে অন্য আর কোনো কারণ আছে কি না।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, আগে বাড্ডায় ঝুট ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতেন বাউল সুমন। সম্প্রতি তাঁর মৃত্যুর পর নিহত মাহবুবুর ঝুট ব্যবসাসহ এলাকার নিয়ন্ত্রণ নেন। এতে বাউল সুমনের সহযোগীরা সুমনের পরিবারকে ও তাঁদের ভাগ দিতে বলেন মাহবুবুরকে। মাহবুবুর এতে রাজি না হওয়ায় বাউল সুমনের সহযোগীরা ক্ষুব্ধ হন।
অবশ্য মাহবুবুরের মামাতো ভাই আমিনুর রহমান গতকালও প্রথম আলোকে বলেন, শুধু ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নয়, হত্যার নেপথ্যে পশুর হাটের ইজারাসহ আরও অনেক কারণ আছে। গ্রেপ্তার হওয়া ফারুক ও নূর মোহাম্মদ বাউল সুমনের লোক। যুবলীগের এক নেতাও ঘটনার পরিকল্পনাকারী। জড়িত সবাই এলাকা ছেড়েছেন।
নিহত শামসু মোল্লার চাচাতো ভাই জাহিদ মোল্লা বলেন, ‘আমরা রোববার থানায় যে অভিযোগ দিয়েছি, তাতে বাউল সুমনের চারজন সহযোগীর নাম উল্লেখ করেছি। ওই চারজনই এখন পলাতক। ওই অভিযোগ থানা মামলা হিসেবে নেয়নি।’
মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহফুজুল ইসলাম বলেন, ‘শামসু মোল্লার পরিবারের অভিযোগ আমাদের কাছে আছে। একই ঘটনায় একাধিক মামলা হতে পারে না। তাই তাঁদের অভিযোগ আমরা আদালতে উপস্থাপন করব। আদালতের অনুমতি নিয়ে এটি পরবর্তী সময়ে মূল মামলার সঙ্গে সংযুক্ত করা হবে।’