ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ককটেলের বিস্ফোরণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
অন্যদিকে পাঁচ-ছয় মাস ধরে কারখানার পরিত্যক্ত মালামাল বিক্রি করতে না পেরে বিপাকে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। মাল বিক্রির টাকা থেকে শ্রমিকদের বেতনের একটি অংশ চলে আসে।
এলাকাবাসী, কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটছে। এ দুটি পক্ষ হলো উপজেলার মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সাইফুল ইসলাম সরকারের পক্ষ এবং উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের অনুসারী পক্ষ।
সিনাবাহ এলাকায় একই মালিকের মিমনূন ফ্যাশন লিমিটেড ও শাহদৎ কম্পোজিট লিমিটেড নামের দুটি পোশাক কারখানা রয়েছে।