ঝুট ব্যবসায়ীকে রগ কেটে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হাতের রগ,আঙুল কেটে ও কুপিয়ে এক স্টক লড (ঝুট) ব্যবসায়ীকে হত্যা করা হয় গতকাল রোববার মধ্যরাতে। এই ঘটনায় আজ সোমবার সকালে পুলিশ তাঁর ব্যবসায়িক প্রতিপক্ষ এক যুবককে আটক করেছে।

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পূর্বপাড়া এলাকার বাচন আলীর ছেলে আরিফ হোসেন (২৫)। আটক যুবক একই এলাকার মৃত শাহজাহান খানের ছেলে ইয়াসিন খান (২৬)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ হোসেনদের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সদর এলাকায়। তাঁর পরিবার প্রায় ১৫ বছর আগে গাজীপুর সিটির চান্দনা পূর্বপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করে। আরিফ দীর্ঘ দিন ধরে বিভিন্ন পোশাক কারখানার পরিত্যক্ত মালামাল প্রক্রিয়াজাত করণের ব্যবসা করে আসছেন। এক সময় স্থানীয় ইয়াসিন, শামীম হোসেনসহ কয়েকজনের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক হয়। তিনি তাঁদের সঙ্গেও ব্যবসা করতেন।

নিহত আরিফের স্ত্রী মৌসুমি আক্তারের অভিযোগ, ইয়াসিন ও শামিম নামের দুই বন্ধু আরিফের কাছ থেকে টাকা পাওনা বলে দাবি করে আসছেন। এ নিয়ে গতকাল রাতে তাঁরা আরিফকে আটকে রেখে ফোনে তাঁর কাছে (আরিফের স্ত্রী) টাকা চান। পরে তিনি ও স্বজনেরা মিলে বিকাশের মাধ্যমে তাঁদের ৩০ হাজার টাকা পাঠান। একপর্যায়ে রাত দেড়টার দিকে শামীমের ফোন থেকে জানানো হয়, আরিফ আহতাবস্থায় চান্দনা পূর্বপাড়া এলাকার একটি বাগানে পড়ে আছেন। পরে স্বজনরা সেখান থেকে আরিফকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৌসুমি জানিয়েছেন, আরিফের মরদেহ নিয়ে আজ রাত সাড়ে আটটার দিকে তাঁরা কেরানীগঞ্জে যাচ্ছেন। রাতেই দাফন হবে। আগামীকাল মঙ্গলবার তাঁরা এ ব্যাপারে মামলা করবেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ চৌধুরী বলেন, নিহতের দুই হাতের রগ ও আঙুল কাটা এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াসিনকে আটক করা হয়েছে। ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।