ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার কেতাবনগর এলাকায় মাস্টার গার্মেন্টসের সামনে গতকাল রোববার দুপুরে ঝুট নামানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে আবদুল লতিফের মালিকানাধীন মাস্টার গার্মেন্টস কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে মাসদাইর এলাকার যুবলীগ-সমর্থক ছোট মিজান ও বড় মিজান গ্রুপের সহযোগী নূরা ও সেলিমপক্ষের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থক নাসির ও রুহুলপক্ষের বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মীমাংসা করতে যান জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বড় ভাই মহিউদ্দিন ওরফে সিকি মহিউদ্দিন। কিন্তু দুই পক্ষই ঝুট নামানোর ব্যাপারে অনড় থাকলে তিনি ব্যর্থ হন। এ সময় মহিউদ্দিন নাছির-রুহুলপক্ষকে সমর্থন দিলে তাঁদের পক্ষের ক্যাডাররা আগ্নেয়াস্ত্র নিয়ে নূরা-সেলিমপক্ষের ক্যাডারদের ধাওয়া করে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।